নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থীর সমাবেশে জেলা পরিষদ, নীলফামারীর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায় শিক্ষার্থীদের উদ্দেশে কবিতা আবৃত্তি করেন।
তিনি আবৃত্তি করেন—
“আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?”
আবৃত্তির পর শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন রাখা হয়—”এই কবিতা কার লেখা?” মুহূর্তেই শিশুরা আনন্দের সাথে উত্তর দেয়—কবি কুসুম কুমারী দাশ।
পরবর্তী প্রশ্ন ছিল আরও কঠিন—”কবি কুসুম কুমারী দাশের ছেলে সত্যি সত্যি কাজে বড় হয়েছিলেন, তাঁর নাম কী?” পুরো হলরুমে নীরবতা নেমে এলেও, এক ছাত্রী আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল—“ছেলেটির নাম কবি জীবনানন্দ দাশ, বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি।”
সঠিক উত্তর ঘোষণা হতেই হলরুম করতালিতে মুখরিত হয়ে ওঠে।
এরপর কর্মকর্তার প্রশ্ন—“আমরা কেমন মানুষ হবো? কথায় বড় নাকি কাজে বড়?”
একযোগে ৪০০ শিক্ষার্থীর কণ্ঠধ্বনি প্রতিধ্বনিত হয়—
“আমরা কাজে বড় হবো।”
অনুষ্ঠানে জেলা পরিষদ, নীলফামারীর উদ্যোগে সৈয়দপুর উপজেলার ৪০০ শিক্ষার্থীর হাতে মানসম্পন্ন স্কুলব্যাগ, টিফিন বক্স ও পানির পাত্র বিতরণ করা হয়। এর মাধ্যমে জেলার সব উপজেলায় মোট ২,৪০০ শিক্ষার্থীর মাঝে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম আপাতত সমাপ্ত হলো। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
