মোঃ কামরুল ইসলাম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের আগ্রহের কথা জানিয়েছেন প্রবাসী মোঃ মহসিন শেখ। তিনি চান্দ্রা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত।
মোঃ মহসিন শেখ বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমার লক্ষ্য। জনগণ সুযোগ দিলে চান্দ্রা ইউনিয়নের উন্নয়ন ও সেবায় নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখব।”
তিনি আরও বলেন, “চান্দ্রা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে সবার সহযোগিতা প্রয়োজন। এজন্য ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি।”
আগামী অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ মহসিন শেখ।
তিনি বলেন, “জনগণ আমাকে নির্বাচিত করলে চান্দ্রা ইউনিয়ন থেকে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। একটি নিরাপদ, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”
শেষে তিনি চান্দ্রা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
