ঢাকায় আসার অনুমতি পেলেন না নোরা ফাতেহি

বলিউড তারকা নোরা ফাতেহি ঢাকায় আসছেন; কয়েকদিন ধরে এমন গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত অনুমতি মেলেনি।

সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখার লক্ষ্যে উইমেন লিডারশিপ করপোরেশন, ঢাকার ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভারস (নারী উদ্যোক্তা অ্যাওয়োর্ড) অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।

এর আগে শনিবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ওমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা জানান, ‘ঢাকায় আসছেন নোরা ফাতেহি’।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নোরা ফাতেহি ঢাকায় এসে ৪০ মিনিট পারফর্ম করবেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে সেই অনুষ্ঠান। বিষয়টি রোববার (১৬ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেন ওমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইসহরাত জাহান মারিয়া।

আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে— ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি।

মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বিভিন্ন টিভি শোতেও নোরার উপস্থিতি বরাবরই জমকালো।