ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন নেতানিয়াহু

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় ইরানকে ইসরাইলের ‘অস্তিত্বের জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন তিনি।

রোববার (১৫ জুন) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বাত ইয়ামের আবাসিক এলাকা ঘুরে দেখার সময় তিনি এ কথা বলেন।

ইরানের হামলাকে নেতানিয়াহু ‘বেসামরিক নাগরিক, নারী ও শিশুদেরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা’ বলেও অভিহিত করেছেন।

ইরানের হামলায় ইসরাইলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেতানিয়াহু।

এদিকে ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার কিছু পরে হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান এবং ইসরাইল উভয় পক্ষই।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ইসরাইলের অভ্যন্তরে নতুন প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে ইসরাইলের উদ্দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এই ঘোষণা আসে ঠিক কয়েক মিনিট পর, যখন ইসরাইলি সেনাবাহিনী নতুন করে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দেয় এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেনাবাহিনী নাগরিকদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলেছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card