বিশ্বকাপের পরেই অবসর– জানিয়ে দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক সোফি ডিভাইন। চলতি বছরের শেষের দিকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ৫০ ওভারের বিশ্বকাপ খেলে এই সংস্করণের ক্রিকেট থেকে অবসরে যাবেন ডিভাইন। তবে অস্থায়ী ও অনানুষ্ঠানিক চুক্তির অধীনে কিউইদের হয়ে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন তিনি।

নিউজিল্যান্ড ক্রিকেটের চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের তালিকা প্রকাশের ঠিক একদিন আগে ৩৫ বছর বয়সী ডিভাইন অবসরের ঘোষণা দিলেন। অর্থাৎ নতুন চুক্তিতে থাকাদের মধ্যে তার নাম থাকছে না। আগামী ওয়ানডে বিশ্বকাপে তিনি দলকে নেতৃত্ব দিলেও গ্রীষ্মে ঘরের মাঠের সিরিজের আগেই নতুন অধিনায়ক নিয়োগ দেবে কিউইরা।

২০০৬ সালে ১৭ বছর বয়সে অভিষেকের পর ১৯ বছরের ক্যারিয়ারে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ডিভাইন। সুজি বেটসের পর তিনিই নিউজিল্যান্ডের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার। ওয়ানডে ক্রিকেটে তিনি নিউজিল্যান্ডের জার্সিতে চতুর্থ সর্বোচ্চ রান করা খেলোয়াড়, কিন্তু বিশ্বকাপেই ডেব্বি হকলিকে ছাড়িয়ে তৃতীয় স্থানে বসার সুযোগ তার সামনে। ওয়ানডেতে ডিভাইনের নামের পাশে আছে ৮টি সেঞ্চুরি। নিউজিল্যান্ডের হয়ে এর চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শুধু বেটসই।

বল হাতেও ডিভাইন সফল। এই মুহূর্তে তিনি নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তিনি এবং লিয়া তাহুহুরই শুধু কিউইদের পক্ষে এই ফরম্যাটে ১০০ বা তার বেশি উইকেট নেয়ার কীর্তি আছে।

ডিভাইন টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান, তবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে চুক্তি থাকায় অস্থায়ী ও অনানুষ্ঠানিক চুক্তির অধীনেই শুধু খেলতে চান। অবসরের প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার জন্য সরে দাঁড়ানোর সঠিক সময় বলে মনে হচ্ছে। আমি খুব ভাগ্যবান যে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সমর্থন পাচ্ছি, যা আমাকে হোয়াইট ফার্নসের জন্য অবদান রাখার সুযোগ দিচ্ছে। আমি নিশ্চিত করতে চাই যে, আমি এই দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার জন্য নিবেদিত। আমি এই তরুণ দলের ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী এবং আগামী ছয় থেকে নয় মাসে আমার ভূমিকা পালন করতে মুখিয়ে আছি।’

৩৫ বছর বয়সী ডিভাইন ১৫২ ম্যাচের ১৩৯ ইনিংসে ৩১.৬৬ গড়ে ৩৯৯০ রান করেছেন। ৮টি শতক ছাড়াও ১৬টি অর্ধশতকও হাঁকিয়েছেন তিনি। বল হাতে ১২৬ ইনিংসে ৩৫.৭৫ গড়ে শিকার করেছেন ১০৭ উইকেট।

এনএএন টিভি

Share this news as a Photo Card