তাইজুল শেষবার সাজঘরের পথ দেখালেন ম্যাথুসকে

টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলামের বলে শেষবার ধরাশায়ী হলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাইজুলের বল তার ব্যাট-প্যাড হয়ে ঠাঁই পেল সিলি পয়েন্টে দাঁড়ানো মুমিনুল হকের হাতে। দীর্ঘ ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ৪৫ বলে ৮ রানের বেশি করতে পারেননি এই লঙ্কান অলরাউন্ডার।

গল টেস্টের বৃষ্টিবিঘ্নিত পঞ্চম দিনে শ্রীলঙ্কাকে জয়ের জন্য ২৯৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। সে রান স্বাগতিকদের তুলে হবে ৩৭ ওভারের মধ্যে। এমন চ্যালেঞ্জ নিয়ে ব্যাট করতে নেমে ৩৪ রানের মধ্যেই ২ উইকেট খুইয়ে বসে তারা।

পঞ্চম দিনের শেষ সেশনে ২৯ ওভারে জয়ের জন্য তাদের লক্ষ্য দাঁড়ায় ২৬২ রান। কঠিন এই সমীকরণ বুঝে এই সেশনের শুরু থেকেই দেখেশুনে ব্যাট করতে থাকেন দুই অভিজ্ঞ লঙ্কান ব্যাটার দীনেশ চান্দিলাম এবং ম্যাথুস। কোনো মতে দিনের বাকি ওভারগুলো কাটিয়ে দেওয়াই ছিল তাদের লক্ষ্য।

তবে তাইজুল ম্যাথুসকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশের স্বপ্নের পালে কিছুটা হাওয়া দিলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ২২ ওভারে ২ উইকেটে ৪৭ রান। জয়ের জন্য এখনো তাদের চাই ২৪৯ রান, বাংলাদেশের ৭ উইকেট। দিনের খেলা বাকি রয়েছে আর ১৫ ওভার।

এই গল টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলা ম্যাথুস নিজের শেষ টেস্টের দুই ইনিংসে ৩৯ ও ৮ রান করেছেন। ক্যারিয়ারের শেষ টেস্টে নামের প্রতি সুবিচার না করতে পারলেও ব্যাট হাতে দেশের জার্সিতে বর্ণাঢ্য এক ক্যারিয়ার কাটিয়েছে তিনি। ১১৮ টেস্টে ৪৪.৬২ গড়ে তার ব্যাটে এসেছে ৮১৬৭ রান। লাল বলের ক্রিকেটে ১৬ সেঞ্চুরির পাশাপাশি ৪৫টি ফিফটিও রয়েছে ৩৮ বছর বয়সি এই লঙ্কান তারকার।

 

এন এ এন টিভি