প্রহসনের নির্বাচন আয়োজন এবং অন্যায়ভাবে প্রভাব বিস্তারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) মামলাটির তদন্ত কর্মকর্তা ও শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এই রিমান্ড আবেদন আদালতে জমা দেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ৩ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।
এই মামলার অন্য আসামিদের মধ্যে আছেন জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী, এ কে এম শহীদুল হক প্রমুখ।
মামলাটি দায়ের পরপরই এদিন রাতে গ্রেফতার হন আরেক সাবেক সিইসি কে এম নূরুল হুদা। পরদিন সোমবার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আর কাজী হাবিবুল আউয়ালকে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই মামলায় আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। আধ ঘণ্টার শুনানি শেষে সাবেক এ সিইসির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত।

2 Replies to “সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন”
Comments are closed.