বিএনপির দু’পক্ষের বিরোধ, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের দ্বন্দ্ব ও উত্তেজনার জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (৩ আগস্ট) সকাল ছয়টা থেকে শুরু হওয়া ১৪৪ ধারা রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।

আদেশে বলা হয়, বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের বিরোধের কারণে আগামীকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও যে কোনো অরাজকতা প্রতিরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে বুধবার পৌর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে একই এলাকায় অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে বিএনপির আরেক অংশের (মাজহারুল ইসলাম সমর্থক) নেতাকর্মীরা। এ নিয়ে উপজেলা সদরে মঙ্গলবার দিনভর উত্তেজনা চলে।

এ বিষয়ে কথা বলতে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ এবং অপর পক্ষের নেতা উপজেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলামকে ফোন করা হলেও তারা ধারেননি।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, বুধবার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। যে কোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ এখন সতর্ক অবস্থানে রয়েছে।