দিনাজপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার (২০ এপ্রিল) ভোররাত একটার দিকে শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই এলাকার তপন সরকার (৫০) ও তার স্ত্রী লতা রানী সরকার (৪২)।
ফায়ার সার্ভিস জানায়, রবিবার রাত প্রায় বারোটার দিকে স্থানীয়রা তপন সরকারের বাড়িতে আগুন দেখতে পেয়ে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর ঘর তল্লাশি করে মেঝে থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে স্থানীয়রা বা ফায়ার সার্ভিস নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ ও তাদের মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।
