নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, গভীর রাতে ৪ থেকে ৫ জনের একটি মুখোশধারী দল তাদের বাড়িতে এসে তার স্বামীকে নাম ধরে ডাকতে থাকে। দরজা খোলার পর দুর্বৃত্তরা ঘরে ঢুকে নজরুল ইসলামের হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে তাকেও বেঁধে ফেলে মারধর করা হয়। পরে ঘরের চাবি নিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় তারা।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা তাদের চিনে ফেলায় নজরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ সময় ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে।
