চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠক শুরু

বিশ্বের দুই প্রধান শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে দ্বিতীয় দফার দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় সকালে বেইজিংয়ের ‘ঝংনানহাই’-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আয়োজিত এই বৈঠকে অত্যন্ত সীমিত সংখ্যক সংবাদকর্মীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৪ মে) দুই নেতার মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়, যাকে উভয় পক্ষই ‘ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছে।

বৈঠকের অগ্রগতি নিয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে সামরিক সরঞ্জাম রফতানি বন্ধ করতে বেইজিং রাজি হয়েছে। এছাড়া চীন এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল আমদানি করতেও সম্মতি প্রকাশ করেছে। ট্রাম্প আরও জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত ও সচল দেখতে চায় বেইজিং, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য ইতিবাচক।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই শীর্ষ বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ও রাজনৈতিক বিরোধ নিরসনের একটি বড় সুযোগ তৈরি হয়েছে।