লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে হাতকড়াসহ ওয়ারেন্ট ভুক্ত এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন, হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও রফিকুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে অন্য মাদক ব্যবসায়ী ও তার পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ কর্মকর্তাদের মারধর করে হাতকড়াসহ মাদক ব্যবসায়ী রবিউলকে ছিনিয়ে নিয়ে যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার নামে ওয়ারেন্ট ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হলে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সাথে জড়িতদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু হয়েছে। খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
