ঈদ শেষে ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ৩১ মের টিকিট

আসন্ন ঈদুল আজহায় কর্মস্থলে ফেরার সুবিধার্থে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আসন টিকিট।

বৃহস্পতিবার সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে পাওয়া যাবে ১ জুন ফিরতি যাত্রার টিকিট; ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট; ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুন ফিরতি যাত্রার টিকিট।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।

প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।