গাজায় ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত

ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার (১৮ জুলাই) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় জানাজায় চালানো হামলায় আটজন নিহত হন। শনিবার (১৮ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আল-বালাতা বাজার এলাকায় দিনের শুরুতে পৃথক এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজা শুরুর অপেক্ষায় আহমদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এ সময় ৮ জনের মৃত্যু হয়।

এ বিষয়ে এএফপি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মধ্য গাজায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে বেশ কয়েকজন নিরীহ ব্যক্তি আহত হয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী অবগত। হামলার ফলাফল পর্যালোচনাধীন রয়েছে।