বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেসের ছাদ থেকে পড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আরিফনগর এলাকার একটি ভাড়া বাসার বারান্দায় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিহত মনিরুজ্জামান দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি শওকত আলীর ছেলে এবং মাভাবিপ্রবির আইসিটি বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, আজ সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হবে, যেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

অন্যদিকে, মনিরুজ্জামানের মর্মান্তিক মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় বলেন, একজন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।