বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নীতি ও উন্নয়ন পরিকল্পনা দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, মাদক, নারী নির্যাতনসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের স্বার্থে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা জরুরি। উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির পথে বড় বাধা। তাই যে
কোনো মূল্যে এসব কর্মকাণ্ড প্রতিহত করা হবে। জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর রায়পুরায় প্রান্ত শালা মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ, রায়পুরা টু ভৈরব পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে নতুন রাস্তা নির্মাণ, চর রায়পুরা নতুন উপজেলা স্থাপন,বেড়িবাদ, পর্যটন অঞ্চল গড়ে তোলা, ইপিজেড স্থাপন, রাস্তাঘাট নির্মাণ সহ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সততা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, রায়পুরাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের পরিবেশ নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
