সাজেকে পর্যটন রুটে অনির্দিষ্টকালের অবরোধ, বিভিন্নস্থানে পিকেটিং

রাঙ্গামাটির সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ব্যানারে এ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল থেকে অবরোধের সমর্থনে সাজেক রুটের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে সমর্থকরা। সাজেক সড়কের গঙ্গারাম বাজার, রেতকারা মুখ, দোপাতাছড়া, উজোবাজারসহ সড়কের বিভিন্ন জায়গায় গাছ ও টায়ার জ্বালিয়েছে অবরোধকারীরা। অবরোধ কর্মসূচি চলায় রাঙ্গামাটির বাঘাইহাট থেকে কোন পর্যটকবাহী গাড়ি সাজেকে আসা যাওয়া করেনি।

এর আগে গতকাল শনিবার (১০ অক্টোবর) সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গত ১ মাস ধরে সাজেকে পাহাড়ি দুই সশস্ত্র আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্থিরতা দেখা দেয়। সাজেকের বিভিন্ন এলাকায় দুই সংগঠনের মধ্যে কয়েক দফায় গোলাগুলির ঘটনাও ঘটেছে। গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে দু’পক্ষের গুলাগুলিতে সঞ্জিতা ত্রিপুরা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হন।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) ও জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে এই অস্থিরতা তৈরি হয়েছে সাজেকে। অবরোধ ডাকা ঐ দুই সংগঠনের নেপথ্যে ইউপিডিএফ’র ইন্ধন ও চাপ রয়েছে এমনটাই বলছেন কয়েকটি মাধ্যম।

Share this news as a Photo Card