আবারও যুদ্ধ হলে মার্কিন ‘ডেটা সেন্টার ও এআই স্থাপনায়’ হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি অবকাঠামো, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনা ও যোগাযোগের তারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তি সম্পদগুলো সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত ৩০ মিনিটের এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি, হরমুজ প্রণালি এবং নতুন করে সংঘাত শুরু হলে ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ও উঠে আসে।

মোহসেন রেজাই বলেন, সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের বিপুলমূল্যের সম্পদ রয়েছে। এখন পর্যন্ত এসব স্থাপনাকে ইরানের হামলার লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে যুদ্ধ শুরু হলে এসব অঞ্চলের অনেক যোগাযোগের তার, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হতে পারে।

তিনি এসব প্রযুক্তি অবকাঠামোকে ওই অঞ্চলে মার্কিন অর্থনীতির ‘স্পন্দন’ হিসেবে বর্ণনা করেন। তাঁর দাবি, এসব সম্পদের মূল্য ২ লাখ কোটি ডলারেরও বেশি।

ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে নতুন সামরিক সক্ষমতা ব্যবহারের জন্য তাঁর দেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

রেজাইয়ের ভাষ্য, সংঘাতের প্রথম সপ্তাহেই ইরান তাদের সব সামরিক সক্ষমতা প্রকাশ করেনি। শুরুতেই সব সক্ষমতা ব্যবহার করা হলে পরবর্তী সময়ে কাজে লাগানোর মতো পর্যাপ্ত সামর্থ্য অবশিষ্ট থাকত না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আবার সংঘাত শুরু হলে আরও বিস্তৃত ও ব্যাপক পরিকল্পনা নিয়ে প্রতিপক্ষের মোকাবিলা করবে ইরান।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card