ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে গ্রিল ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ আয়েশা বেগম বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং পানিসারা ইউনিয়নের মোহিনীকাটি গ্রামের প্রবাসী রিপনের স্ত্রী আয়েশা বেগম তাঁর ছোট সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন এবং বড় ছেলে আরফিন রহমান অন্য রুমে থাকে। গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে রাতের খাবার খেয়ে তারা ঘুমাতে যান।

বড় ছেলে তার পড়ার রুমে না ঘুমিয়ে মায়ের পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। এরপর ২০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গৃহবধূর ঘুম ভেঙে গেলে তিনি বড় ছেলের রুমে লাইট জ্বলতে দেখেন। লাইট বন্ধ করার জন্য রুমের দিকে যাওয়ার সময় তিনি দেখতে পান, তাঁদের বাড়ির পাশের মৃত মিলনের ছেলে মো: মিলনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি রুমের ভেতরে দাঁড়িয়ে রয়েছে।

এ সময় তাঁর চিৎকারে ছেলেসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘরে ঢুকে দেখা যায়, বসতবাড়ির গ্রিল ভেঙে চোরেরা রুমের ভেতরে প্রবেশ করে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ ৫০,০০০ টাকা এবং ১ ভরি ওজনের ৩টি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ২,০০,০০০ টাকা) চুরি করে নিয়ে গেছে। ১৯ অক্টোবর রাত ৯টা হতে ২০ অক্টোবর রাত ৩টার মধ্যে যে কোনো সময় এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা থানার পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card