শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার অভিযানে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১,৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই–চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আগত যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে।
তারা আরও জানায়, ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
