শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কবরস্থান থেকে একটি লাশ চুরি হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সখীপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ খবর জানাজানি হলে দাফনকৃতদের স্বজনরা কবরস্থানে ছুটে আসেন।
সরেজমিনে দেখা গেছে, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ছুরিরচর কবরস্থানে অনেকগুলো কবর রয়েছে। কবরস্থানে এর মধ্যে এক বছর বয়সি শিশু ফাহিমার লাশ পাওয়া যাচ্ছে না। সে ওই এলাকার বাসিন্দা গোলাম হোসেন খালাসীর মেয়ে। পানিতে পড়ে শিশুটির মৃত্যু হলে গত ২৩ অক্টোবর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয়দের দাবি, এর আগেও দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় এলাকাবাসী শঙ্কিত।
মেয়ের মা শাহানাজ বেগম বলেন, আমার মেয়ে দুই মাস আগে খেলতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। তাকে এই কবরে দাফন করেছি। সোমবার সন্ধ্যায় হুজুর দিয়ে দোয়া করিয়ে গেছি। মাঝে মাঝেই দোয়া করতে আসি কবরের কাছে। আমার মেয়ে নেই তাতেই আমাদের কষ্ট হয়। এখন তো মেয়ের মরদেহটাই চুরি হয়ে গেছে; আমরা আমাদের মেয়ের লাশ চাই।
স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন জানান, দাফনের দুই মাস পূর্ণ হওয়ার আগেই কবর থেকে শিশুটির মরদেহ গায়েব হলো। আমাদের ধারণা কোনো কবিরাজ কবর থেকে শিশুটির মরদেহ চুরি করে নিয়ে গেছে।
উত্তর তারাবুনিয়া প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, কবর থেকে লাশ চুরি হওয়ার ঘটনা জানি না। আমি ঢাকাতে রয়েছি, বিষয়টি খুবই মর্মান্তিক। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব।
সখীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, ঘটনা তদন্ত করার জন্য পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
