ফতুল্লায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম। এর আগে, সোমবার দিবাগত রাতে ফতুল্লা মডেল থানায় মামলা হয় হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার (৫৮), যুবলীগ নেতা মো. হাসান (২৭), সামসুজ্জামান জামান (৫৬), সোহেল (৩৩) ও আব্দুল বারিক ইসলাম হৃদয় (২০)।

ওসি মাহবুব আলম বলেন, মাসদাইরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে- কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ, শ্রমিক লীগ নেতা শাহাদাৎ হোসেন সেন্টু, আব্দুর সাত্তার, মীর সোহেল আলী মীরু, ফরহাদ (৩৫), টিক্কা মোল্লা (৫০), মিলন (৪৫), পলাশ (৪৫), মো. সোহেল (৩০), মো. সৌরভ (৩৫), শাওন, রাকিব হোসেন (৩০), রাসেল, ফয়সাল আহম্মেদ রূপম, হাজী মনিরুদ্দিন, আজমত আলী (৪৫), মীর হোসেন মিরু (৪৫), মো. রতন, আনিসুর রহমান শ্যামল (৫০), নুর হোসেন (৫০), মো. শিপলু (৫০) ও আমির (৪০)।

উল্লেখ্য, গত রবিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে অবস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card