ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে দায়ী

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন সাদিক কায়েম।

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে জেলা শহরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেখানে আগুন দেওয়ার চেষ্টার বিভিন্ন আলামত পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, রাত সোয়া ৪টার দিকে তিনি ঘটনাটি জানতে পারেন। পরে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। ঘটনাস্থলে আগুন দেওয়ার আলামতের পাশাপাশি কেরোসিনের বোতলও পাওয়া গেছে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, অগ্নিসংযোগের চেষ্টার খবর জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন সাদিক কায়েম। সেখানে তিনি জানান, খাগড়াছড়ির ওই বাড়িতে তার মা-বাবা থাকেন। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর জেলা জামায়াতের নেতারা সাদিক কায়েমের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

Share this news as a Photo Card