তিস্তা নদীতে গোসলে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসলে নেমে মেহেদি হাসান মুহিদ (২৭) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মুহিদ কালীগঞ্জ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাস্টারের ছেলে। সম্প্রতি তিনি চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে দেশে ফিরেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে চারজন বন্ধু মিলে আউলিয়ার হাট এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নামেন মুহিদ। কিছুক্ষণ পর তিনজন বন্ধু তীরে উঠলেও মুহিদ স্রোতের টানে নদীর গভীরে তলিয়ে যান।

প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত ফায়ার ফাইটার আতাউর রহমান বলেন, রংপুর থেকে একটি ডুবুরি দল আনা হয়েছে। তারা আমাদের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে বিকেল ৩টা পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এনএএন টিভি  

Share this news as a Photo Card