নাটোরে জ্বালানি তেলের তীব্র সংকট কাটছে না। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকেই তীব্র রোদ ও গরম উপেক্ষা করে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা গেছে। অকটেন ও পেট্রোলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সাধারণ মানুষেরা।
শহর ও উপজেলার বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, জ্বালানি তেলের জন্য পাম্পের সীমানা ছাড়িয়ে মূল সড়ক পর্যন্ত পৌঁছেছে গাড়ির দীর্ঘ সারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক ফিলিং স্টেশনে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করে ‘রেশনিং’ পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে।
এদিকে, ডিজেল সংকটে বিপাকে পড়েছেন কৃষকরাও; সেচ কাজ ব্যাহত হওয়ায় আসন্ন ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
আর জ্বালানি তেলের এই হাহাকারকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই পাম্পগুলোতে ঘটছে অপ্রীতিকর ঘটনা। গতকাল সোমবারও নাটোরের গুরুদাসপুরে বোতলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে ‘চলনবিল ফিলিং স্টেশনে’ দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। লাইন ও তেলের পরিমাণ নিয়ে হাতাহাতি এখন নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে।
ভোক্তারা জানিয়েছেন, পর্যাপ্ত সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
