নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে ছুটছেন জেলেরা

ইলিশ মাছ ধরতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল মধ্যরাতে।

আর এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই ইলিশ ধরতে সাগরপানে ছুটে গেছেন লাখো জেলে।  এছাড়া, শত-শত নৌকায় করে জেলে ছুটেছেন নদী-সাগরে।

এতে কয়েকদিন ধরে প্রাণহীন থাকা জেলে পল্লীগুলোতে আবার চাঞ্চল্য ফিরে এসেছে। জেলে পল্লীগুলোতে বইছে আনন্দের জোয়ার।

দেশের ইলিশ সম্পদ রক্ষায় সরকার প্রতি বছরই ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস অভয়াশ্রম কর্মসূচি ঘোষণা করেন। এই সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে।

প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের বিস্তীর্ণ নদী সীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। সেই অভয়াশ্রমের নির্দিষ্ট সময়সীমা ৩০ এপ্রিল রাত ১২টায় শেষ হয়।

চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন,

এবার অভিযান সফল হয়েছে। অভিযান সফল করতে যেসব বিভাগের সহযোগিতা চেয়েছি তা পেয়েছি।

নৌ পুলিশ সুপার কামরুজ্জামান বলেন,

দুই মাসের অভিযানে সহস্রাধিক জেলেকে আটক করেছি। জাটকা রক্ষায় এবার বেশি অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদীতে মাছ ধরা বন্ধ ছিল।

এ সময় ৪০ হাজার নিবন্ধিত জেলেকে পুনর্বাসনের চাল দেয়া হয়। তবে নিবন্ধনবিহীন জেলে রয়েছেন প্রায় ১০ হাজার। তারা সাহায্য থেকে বঞ্চিত ছিলেন।

আরও পড়ুন:

এন এ এন টিভি