টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বড় বড় গর্তে বিপর্যস্ত ফরিদপুর শহরের ১১ নং ওয়ার্ডের রাস্তা। এ অবস্থায় ছাত্রদলের সহ-সভাপতি নাহিদুজ্জামানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে মেরামত কাজ শুরু হয়েছে। স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা ইট ও বালি ফেলে সাময়িকভাবে গর্ত ভরাটের কাজ করছেন।
ছাত্রদল নেতা নাহিদুজ্জামান জানান, মানুষের দুঃখ-দুর্দশা দেখে তারা এই উদ্যোগ নিয়েছেন। “আমরা মানুষের পাশে থাকতে চাই। যতটুকু সম্ভব হয়েছে, নিজেরা করেছি। তবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ—দ্রুত টেকসই সংস্কারের পদক্ষেপ নিন।”
এলাকাবাসী জানিয়েছেন, এই উদ্যোগে রিকশা, গাড়ি ও মোটরসাইকেল চলাচলের সমস্যা কিছুটা লাঘব হয়েছে। তবে তারা স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “ছাত্রদলের কাজ ভালো। তবে এভাবে কতদিন চলবে? সরকার যদি দ্রুত স্থায়ী সংস্কার না করে, আবারও দুর্ভোগে পড়তে হবে।”
স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন মহল থেকে ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা আসছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত টেকসই সংস্কার প্রকল্প গ্রহণ করে সমস্যার স্থায়ী সমাধান করবে স্থানীয় প্রশাসন।\
শরিফুল ইসলাম / এনএএন টিভি
