মুন্সিগঞ্জে বোমার মতো বস্তুর বিস্ফোরণে উড়ে গেলো শিশুর হাতের কবজি

মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার ভাগাড়ে পড়ে থাকা বোমার মতো বস্তুর বিস্ফোরণে সজিব (১২) নামে এক ছিন্নমূল শিশুর হাতের কবজি উড়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশ।

আহত শিশু নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি তার বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে ময়লার ভাগাড়ে বোতল কুড়াতে যায়। এসময় হঠাৎ ককটেল বোমা সদৃশ বস্তুর বিকট শব্দে বিস্ফোরণ হয়।

পরে ওই শিশুকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন জরুরি বিভাগের চিকিৎসক।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে তলপেট, পা ও দুইহাত ক্ষতিগ্রস্থ হয়েছে আহত শিশুর।

ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ওসি সজিব দে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card