লক্ষ্মীপুরে হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ওষুধ রাখাসহ বিভিন্ন অভিযোগে লক্ষ্মীপুরে একটি হাসপাতালসহ দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মিলেনিয়াম হসপিটালকে এক লাখ টাকা এবং ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৩ আগস্ট) বিকেলে শহরের রামগতি সড়কে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এসময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার নাহিদ রায়হানসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লাইসেন্স বিহীন, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই বিভিন্ন হাসপাতালসহ ডায়াগনস্টিক সেন্টার দিয়ে কর্তৃপক্ষ কার্যক্রম চালিয়ে আসছে। এনএসআই’র তথ্যের ভিত্তিতে শহরের কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে প্রশাসন।

এসময় মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মিলেনিয়াম নামে একটি প্রাইভেট হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় আবাসিক ভবনের ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, রেজিস্ট্রেশন ছাড়া ডেঙ্গু টেস্টের কীট রাখা ও পুরোনো এক্সরে মেশিনে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করার দায়ে ট্রাস্ট মেডিকেল সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার জানান, অভিযানের সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। সুস্থ-সুন্দর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card