সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ৯ জনকে টেকনাফ থেকে উদ্ধার

জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৯ জনকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন রোহিঙ্গা। বাকি ৬ জন কক্সবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা। সবাইকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে।

গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ লম্বরীঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক দক্ষিণ লম্বরীঘাট এলাকায় নিয়ে আসা হচ্ছে—এমন খবর পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যায় ২০-২৫ জন ব্যক্তিকে লম্বরীঘাট এলাকায় দেখা যায়।

এ সময় একটি নৌকাকে ঘাটের দিকে আসতে দেখে ধাওয়া দেয় বিজিবির টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের ১০-১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে পালিয়ে যায়। পরে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জনকে উদ্ধার করে বিজিবি।

Share this news as a Photo Card