সাম্য হত্যার বিচারের দাবিতে ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মে রোববার দুপুর বারোটায় কলেজ প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বক্কর সিদ্দিকী। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের তদন্তে ঘাটতি ও গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। মূল ঘাতক ও মামলার আসামিদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা আরও বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশ থেকে নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবি জানানো হয় এবং সাম্যের হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করা হয়।
