সিলেটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘পিরানহা’!

সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে হিংস্র স্বভাবের নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ ।  এই মাছটি দেশীয় মাছের জন্য হুমকি স্বপরূপ। ক্ষতিকারক মানবদেহের জন্যও। তাই নিষিদ্ধ এ মাছের চাষ, মজুদ আর বেচাকেনা।

অধিক লাভের আশায়, সিলেটের বিশ্বনাথে অন্যান্য মাছের সাথে পসরা সাজিয়ে পিরানহা বিক্রি করছেন একাধিক বিক্রেতারা। এই মাছগুলো দেখতে রূপচাঁদার মতো হওয়ায় কিনে নিচ্ছেন অনেকেই।

সরেজমিন উপজেলার নতুন বাজার ও পুরানবাজারসহ আঞ্চলিক বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বিক্রেতাদের অনেকেই জানান, মৎস্য আড়তে হর হামেশা দেদারছে এ মাছ বিক্রি হয়। অল্প আয়ের মানুষের কাছে মাছটির কদর বেশ। তাই আমরাও কিনে এনে বিক্রি করি। নিষিদ্ধ কি সিদ্ধ তা আমাদের জানা নেই।

ক্রেতাদের দাবি, অন্যান্য মাছের তুলনায় দাম সাধ্যের মধ্যে থাকায় খরিদ করি। এটি যে আসলেই ক্ষতিকর সে বিষয়ে আমরা অবগত নই। অনেক সময় এটিকে রূপচাঁদা বলেও আমাদের ধরিয়ে দেয়া হয়।

মৎস্য সুরক্ষা আইন বলছে, মানুষ খেকো এ মাছের আমদানি, বহন, প্রজনন, চাষ, বিক্রি, বাজারজাত, প্রদর্শন ও মজুত নিষিদ্ধ। বাংলাদেশ সরকার ২০০৮ সালে এ নিষেধাজ্ঞা আরোপ করে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, বাজার মনিটরিংয়ের আওতায় শিগগিরই অভিযান (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হবে।

 

এনএএন টিভি