হাইমচরের উত্তর আলগী ইউনিয়নে ধানের শীষের পথসভা ও উঠান বৈঠক — শেখ ফরিদ আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পথসভা ও উঠান বৈঠকে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। বিশেষ করে গ্রামের নারীরা সহজ-সরল ও নরম মনের মানুষ। ধর্মের নামে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক। আমরা মক্তব ও মাদ্রাসায় সঠিকভাবে আরবি শিক্ষা গ্রহণ করেছি। নারীদের জন্য আলাদা মাদ্রাসা রয়েছে। নির্বাচনের সময় আলাদা কোনো ‘তালিম’-এর প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, এই এলাকায় কোনো মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর স্থান হবে না। এলাকার যেকোনো উন্নয়নমূলক কাজ জনগণের সঙ্গে আলোচনা করেই করা হবে। দুর্নীতির মূল কেন্দ্র হচ্ছে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস। আমরা নিচ থেকে দুর্নীতি নির্মূল করবো। সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা ইউনিয়ন পরিষদে দেওয়া যাবে না। এখান থেকেই দুর্নীতি বন্ধ করতে পারলে চেয়ারম্যানসহ কেউই ইউনিয়নের টাকা লুট করতে পারবে না।

তিনি বলেন, আমাদের করের টাকা দুর্নীতিবাজরা ভাগ করে খাচ্ছে। আমরা সবাই মিলে চাঁদপুর-৩ আসনকে দুর্নীতিমুক্ত করবো। আপনাদের সহযোগিতা পেলে আমি দিনরাত পরিশ্রম করতে পারবো। আগামী ১২ তারিখ আপনারা ভোট দিতে যাবেন। ভোটার স্লিপ নেতাকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে দেবে। ভোট দিতে যাওয়ার সময় অবশ্যই এনআইডি কার্ড সঙ্গে রাখবেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব দিয়েছেন। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। হাইমচর ধানের শীষের জন্য একটি উর্বর এলাকা। আপনারা ধানের শীষে ভোট দিয়ে হাইমচরের ঐতিহ্য ধরে রাখবেন।

তিনি আরও বলেন, এবার কোনো বৈষম্য হবে না। সবাই সমানভাবে সুযোগ-সুবিধা পাবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়ন করবো। এখানে একটি ইপিজেড স্থাপন করা হবে, যাতে শিক্ষিত তরুণ-তরুণীরা কর্মসংস্থানের সুযোগ পায়। অবৈধভাবে রাস্তার পাশ দিয়ে বালুর পাইপ বসানো হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। কোনো অবৈধ কাজে কেউ জড়াবেন না। ইউএনও অফিসের অনুমতি নিয়ে কাজ করতে হবে। আমি ভালোবাসা ও সততার মাধ্যমে জনগণের কল্যাণ করতে চাই। আমার একটাই চাওয়া—আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানান।
কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ৮টায় উত্তর আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গাজীর বাজারে গণসংযোগ করা হয়। এরপর পর্যায়ক্রমে ভিঙ্গুলিয়া বেগ স্কুলের সামনে, ভিঙ্গুলিয়া আনন্দ বাজার, কেবিএন বাজার, কমলাপুর সমাজকল্যাণ মাঠ, দিঘীরপাড় রায়ের বাজার এবং মহাজমপুর আখন্দ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমেদ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনূর বেগম, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (লিটন) কাজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা আবু তাহের পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মোঃ কামরুল ইসলাম