আজ থেকে বাজারে মিলছে সাতক্ষীরার জনপ্রিয় আম হিমসাগর। প্রশাসনের ঘোষিত আম ক্যালেন্ডার অনুযায়ী জেলার আম চাষীরা আজ শুক্রবার (১৫ মে) গাছ থেকে হিমসাগর আম ভাঙা শুরু করেছেন।
শহরের কুকরালী এলাকার আম চাষি হাফিজুল ইসলাম খোকার বাগান থেকে ইংল্যান্ড ও ইতালী যাচ্ছে হিমসাগর। চাষি খোকা জানান, আজ শুক্রবার চার টন হিমসাগর আম আমার বাগান থেকে বিদেশ যাবে। বায়ারদের নিকট প্রতিমণ আম তিন হাজার টাকায় বিক্রি করেছি।
এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, হিমসাগর আম এখন পরিপক্ব। আজ শুক্রবার থেকে চাষীরা বাজারজাত করতে পারবেন। আগামী ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি জাতের আম বাজারজাত করা যাবে। এ বছর জেলায় ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদেশ রপ্তানি আশা রয়েছে একশো মেট্রিকটন আম।
এদিকে শহরের সুলতানপুর বাজার ঘুরে দেখা যায়, প্রতিমণ হিমসাগর আম আকার প্রকারভেদে ১৫শ থেকে ২৫শ টাকায় বিক্রি হচ্ছে।
