আটঘরিয়ায় হত্যা মামলার প্রধান আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

পাবনার আটঘরিয়ায় বহুল আলোচিত তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে (৬০) প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

​নিহত আদম আলী আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে তিনি এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একদন্ত বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডিপাশা গ্রামে আহমেদ আলীর বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

একদন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন জানান, নিহত আদম বিএনপির এই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

​আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত আদম আলীর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ষাটগাছা গ্রামের তমা খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার মামলায় তিনি প্রধান আসামি ছিলেন। ​এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে জোর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

 

 

এনএএন টিভি