আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২ জন আহত

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫)। তাঁদের শরীরে গুলির আঘাতের পাশাপাশি একাধিক জখমের চিহ্ন রয়েছে।

আড়ংঘাটা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, সোলায়মান শেখ পেশায় ঘের ব্যবসায়ী এবং মো. খালেক ভ্যানচালক। তাঁরা দুজন একটি ভ্যানে করে নিজ বাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মান শেখের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে গুলি লাগে। এ ছাড়া দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মান শেখের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে কী কারণে এবং কারা তাঁদের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card