কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় থানার সামনে মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহণের যাত্রীবাহী বাস ও উল্টোদিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, লামা ফাঁসিয়াখালী এলাকার মাদ্রাসা পড়ুয়া ছাত্র সাইফুল ইসলাম (২৬) ও খুটাখালীর নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন( ৪৩)। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের সঙ্গে চকরিয়ামুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন সিএনজিযাত্রী নিচে চাপা পড়ে নিহত হন। অপর আহত এক যাত্রী হাসপাতালে মারা যায়। আহতদের মধ্য এক শিশু সন্তানও রয়েছে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ায় স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
