কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি হয়। সোমবার (২৬ মে) সকাল ৯ টার সময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন কুষ্টিয়ায় গণশুনানি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, মাননীয় কমিশনার (তদন্ত), দুর্নীতি দমন কমিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আত্সান ফরিদ, মাননীয় কমিশনার (অনুসন্ধান), দুর্নীতি দমন কমিশন।

কুষ্টিয়ার বিভিন্ন সরকারি অধিদপ্তরের বিরুদ্ধে ভুক্তভোগীর অভিযোগ সরাসরি নিষ্পত্তি করেন দুর্নীতি দমন কমিশন এমন কিছু অভিযোগ আমলে নিয়ে বিচারাধীন রাখেন। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেগুলোর মধ্যে অন্যতম কুষ্টিয়া সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া সদর হাসপাতাল, কুষ্টিয়া এল জি ডি অফিস, কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগ, গণপূর্ত ভবন, কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর অফিস, জেলা পরিষদ,এসিল্যান্ড অফিস,কুষ্টিয়া রেজিস্ট্রি অফিস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া পাসপোর্ট অফিস, কুষ্টিয়া টিটিসি অফিস। গণশুনানির প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, ‘জনগণের দেওয়া ট্যাক্সের টাকায় সরকারি চাকরিজীবীদের বেতন হয়। যাঁদের টাকায় আমাদের বেতন হয়, আমরাই আবার তাঁদের প্রভু সেজে যাই। সরকারি কর্মচারীরা আল্লাহর দেওয়া যোগ্যতার সম্পূর্ণ ব্যবহার করে ইমানদারির সঙ্গে নাগরিকদের সেবা দিতে দায়বদ্ধ। যে সৃষ্টিকর্তাকে ভয় করে, সে জ্ঞানত অন্যায় করতে পারে না।’

কমিশনার আরও বলেন, ‘আমরা নিজ নিজ অবস্থানে প্রত্যেকেই বিচারক। যদি আমরা আমাদের পরিবারে নিজের আয়ের চেয়ে বেশি উপহার বা তৈজসপত্র দিই, তবে সন্তানদের সামনে কীভাবে জবাবদিহি করব। আমরা নিজে সৎ থাকব এবং পরিবারবর্গকে সৎপথে রাখব। আমরা সবাই দুর্নীতি বন্ধে প্রতিশ্রুতি দিচ্ছি, একই সঙ্গে মানসম্মত সেবা প্রদানের নিশ্চয়তাও দিতে হবে।’অনুষ্ঠানের বিশেষ অতিথি দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, ‘শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব যে একে অপরের হক মেরে খাওয়ার কুসংস্কৃতি বাংলাদেশের মতো পৃথিবীর আর কোথাও নেই। আমরা শোষিত হই আমাদের নিজেদের দ্বারা। দুর্নীতি এখন রাজনৈতিক নেতা–কর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মাস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই, দুর্নীতি এখন ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় সমস্ত জায়গাব্যাপী। গত ১৬ বছর দুর্নীতির চাষাবাদ হয়েছে এই দেশে।’সার্বিক আয়োজনে ছিলেন জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কুষ্টিয়া।

এনএএন টিভি /মোঃ মুনজুরুল ইসলাম

Share this news as a Photo Card