খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৫ভ আগস্ট) সকালে বিজিবি সেক্টর হাসপাতালসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শুদ্ধ অং মারমা (৪০)। তিনি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, শুদ্ধ অং মারমা গুইমারা বাজার থেকে মোটরসাইকেলে করে রামগড়ের দিকে যাচ্ছিলেন। পথে জালিয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশ হাসপাতালে নেওয়া হয়।

গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।

Share this news as a Photo Card