গাজীপুরে কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় গণপিটুনিতে দেলোয়ার হোসেন নামে এক অটোরিকশা ছিনতাইকারীর মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
শনিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার ইউসুফ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৬০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার পানজোড়া এলাকার হাশেমের ছেলে নয়ন মিয়া (৫০) ব্যাটারিচালিত অটোরিকশাচালক।
দেলোয়ার হোসেনসহ দুইজন তার অটোরিকশায় উঠে। পরে অটোচালক নয়নকে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে দেলোয়ারকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যজন পালিয়ে যায়।
গণপিটুনির পর দেলোয়ার অচেতন হয়ে গেলে এলাকাবাসী তাকে মঠবাড়ি এলাকায় সড়কের পাশে ফেলে রাখে।
খবর পেয়ে শনিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রোববার সকালে দেলোয়ারের মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুরে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন :
- ‘জেসমিনের মৃত্যু নিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির প্রতবেদন অস্পষ্ট, সন্তোষজনক নয়’
- সাড়ে ৫৫ কেজি সোনা চুরির মামলার প্রতিবেদন ২২ নভেম্বর
- ভাড়া বাসায় ২ বান্ধবীর রহস্যজনক মৃত্যু, অসুস্থ ৪
- নরসিংদীর ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় নরসিংদী পৌরসভা চ্যাম্পিয়ন

Comments are closed.