ছাতকে চোরাকারবারি শাহিনের নেতৃত্বে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, আটক ৪

সুনামগঞ্জের ছাতকে নিয়মিত মামলার আসামি ধরতে গেলে কুখ্যাত চোরাচালান চক্রের প্রধান শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এসআই ও এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টেঙ্গারগাঁও গ্রামের বাসিন্দা আলতাফ আলীর ছেলে শাহিন দীর্ঘদিন ধরে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। অতীতে যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও বর্তমানে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে ব্যবসা চালিয়ে আসছে সে ও তার ভাইয়েরা। গত ১৮ জুলাই সেনাবাহিনী প্রায় ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করলে শাহিন সাংবাদিকদের প্রাণনাশের হুমকিও দেয়।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাত ১১টার দিকে নিয়মিত মামলার আসামি ধরতে টেঙ্গারগাঁও গ্রামে যায় এসআই রোমেন মিয়ার নেতৃত্বে একটি দল। এসময় শাহিন, তার ভাই জয়নাল, আক্তার, মিলন, সাইমন ও পিতা আলতাফসহ ৪০–৫০ জন মিলে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে এসআই সাহাব উদ্দিন ও কনস্টেবল মোস্তাক আহমদ গুরুতর জখম হন। পরে আহতদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কনস্টেবল মোস্তাককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ চার হামলাকারীকে আটক করেছে। পরবর্তীতে যৌথবাহিনী রাতেই অভিযান চালালেও প্রধান আসামি শাহিন ও তার সহযোগীরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল আলম খান বলেন,
“নিয়মিত মামলার আসামি ধরতে গেলে পুলিশের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আমাদের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান চলছে।”
এনএএন টিভি   / মোঃ তাজিদুল ইসলাম

Share this news as a Photo Card