ছিনতাই এর শিকার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু

মেয়েকে ভার্সিটির বাসে উঠিয়ে দিতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন দৈনিক শীতলক্ষা’র সম্পাদক আরিফ আলম দিপু। রবিবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৬ টার দিকে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় মোটরসাইকেলযোগে ৩ ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, তার মেয়ের মোবাইল ও কানের দুল ছিনিয়ে নেয়। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু তার ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন ‘ ছিনতাইকারীর কবলে পড়লাম।

সকাল ৬.২০ মিনিটে মেয়েকে ব্র্যাক ইউনিভার্সিটির বাসে তুলে দিতে গিয়ে আমলাপাড়া আসনা ডায়াগনেস্টিক সেন্টারের সামনে ৩ হোন্ডারোহী ছিনতাইকারী মোবাইল, মেয়ের কানের দুল, আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় ছুরি ধরে। ভাগ্যিস নিজের মোবাইলটা সাথে নেইনি। এই হলো আমাদের শহরের প্রতিদিনের চিত্র’।তার এ স্ট্যাটাসের পর মন্তব্যে অনেকেই শহরকে অনিরাপদ বলেছে। কেউ কেউ নিজের ছিনতাইকারীর কবলে পড়ার ঘটনা তুলে ধরেছে। কেউ বলেছে আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার জন্য এমনটা ঘটছে।
ছিনতাইয়ের কবলে পড়া আরিফ আলম দিপু জানান, একটা মোটরসাইকেলে ৩ জন ছিলো। ওরা আমার মেয়ের মোবাইল, কানের দুল ও আমার কাছে থাকা ১৭/১৮ শ’ টাকা ছিনিয়ে নেয়। তিনি জানান, একজনের হাতে একটা বড় ছোরা দেখেছি আরেকজনের কাছে সম্ভবত পিস্তল ছিলো। ঘটনার সময়ে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি যার জন্য যা ছিলো তা দিয়ে বাঁচার চিন্তা করেছি। ভালো করে খেয়াল করার মতো পরিস্থিতি তখন ছিলো না। বিশেষ করে আমার সাথে মেয়ে থাকায় আমি খুব চিন্তিত হয়ে পড়েছি।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card