দেশের শিল্প খাতে গ্যাস সংকট আরও গভীর, উৎপাদন ও রপ্তানিতে বড় ধরনের শঙ্কা

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন—বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, দীর্ঘ সময় ধরে গ্যাস সরবরাহ ব্যাহত থাকায় দেশের শিল্প খাতে ভয়াবহ মানবিক ও আর্থিক সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের অনেক কারখানায় গ্যাস না থাকায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, আগামী ১০ আগস্টের আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে প্রায় ২৫ দিন ধরে অনেক কারখানার উৎপাদন কার্যত বন্ধ থাকবে। এতে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি পণ্য পাঠানো সম্ভব হবে না। ক্রেতাদের প্রতিশ্রুতি রক্ষা করতে অনেক প্রতিষ্ঠানকে আকাশপথে পণ্য পাঠাতে হতে পারে, যার ফলে রপ্তানি ব্যয় ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

মোহাম্মদ হাতেম আরও জানান, সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে আন্তর্জাতিক ক্রেতারা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দাবি করতে পারেন। এতে একদিকে উৎপাদন ব্যাহত হবে, অন্যদিকে রপ্তানি আদেশ ধরে রাখতেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন শিল্প উদ্যোক্তারা।
তিনি বলেন, এই গ্যাস সংকট শুধু শিল্প উৎপাদন ও রপ্তানিকেই নয়, শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকাকেও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে। তাই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।