নাটোরের বড়াইগ্রামে একটি সবজিক্ষেত থেকে রঞ্জু আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার দিয়ার গাড়ফা গ্রামের কৃষক শরীফ উদ্দিনের সবজিক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত রঞ্জু আহমেদ একই গ্রামের সরুপ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, রবিবার বিকেলে বাড়ি থেকে বের হন রঞ্জু আহমেদ। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
সোমবার সকালে কৃষক শরীফ উদ্দিন নিজের সবজিখেতে গিয়ে রঞ্জুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় বাসিন্দা ও পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
