নোয়াখালীতে শিশুকে পুঁজি করে মাদক পাচারকালে গ্রেফতার ২ নারী

নোয়াখালীতে ১৫ মাস বয়সী একটি শিশুকে পুঁজি করে ইয়াবা পাচারেরকালে কক্সবাজারের দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‍্যাব ও ডিবি পুলিশ-এর যৌথ দল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাইজদী এলাকার নোয়াখালী-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেসার্স আবদুল হক ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকপুর এলাকার তানিয়া আক্তার (৩৩) এবং পশ্চিম গজালিয়া এলাকার জুলেখা (২২)।

অভিযানে তাদের কাছ থেকে মোট ৩ হাজার ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে তানিয়ার কাছ থেকে ২ হাজার পিস এবং জুলেখার কাছ থেকে ১ হাজার ৭১৫ পিস জব্দ করা হয়। এছাড়া একটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা সন্দেহভাজনদের অনুসরণ করে মাইজদী এলাকায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পেশাদার ইয়াবা পাচারকারী হিসেবে স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতরা আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে পাচারের সময় তারা সঙ্গে ১৫ মাস বয়সী শিশুকে রাখতেন। এর আগেও একাধিকবার নোয়াখালীতে ইয়াবা সরবরাহ করেছেন এবং প্রতিবার চালানে ৩০ থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সুধারাম মডেল থানা-য় মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, একটি নিষ্পাপ শিশুকে মাদক পাচারের ঢাল হিসেবে ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

Share this news as a Photo Card