ফরিদপুরে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা ও তার ভাইসহ তিনজন আহত

ফরিদপুরের রঘুনন্দনপুরে সন্ত্রাসী হামলায় মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন তাইম (২৮) ও তার সহোদর সাকিব বিশ্বাস (২৩) সহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত তানভীর ও সাকিব বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তানভীর জানান, ফেসবুকে মাদকবিরোধী একটি সচেতনতামূলক পোস্ট দেয়ার জের ধরেই এ হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাপ্পী পাট্টাদার, টিপু পাট্টাদার ও সামসু পাট্টাদার এ ঘটনার সাথে জড়িত। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রঘুনন্দনপুর এলাকার মোফা বিশ্বাস (৫৪) সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান। এ সময় সামান্য আহত হন তিনি। ওই ঘটনার জের ধরে পরে মোফা বিশ্বাসের ছেলে সিনহা (১৮)-এর উপর চড়াও হয় বাপ্পী, টিপু ও সামসু। খবর পেয়ে তানভীর ও তার ভাই সাকিব সেখানে গেলে তাদেরও মারধর করা হয়।

অভিযোগে বলা হয়েছে, পুলিশের উপস্থিতিতেও হামলাকারীরা মোফা বিশ্বাসের উপর হামলার চেষ্টা চালায়। পরে আহতদের স্বজনরা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।

মোফা বিশ্বাস সাংবাদিকদের বলেন, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, সন্ত্রাসসহ নানা অপরাধে জড়িত। জুলাই আন্দোলনের সময়ও তারা ছাত্রদের উপর হামলা চালিয়েছিল। তিনি এ ঘটনার ন্যায়বিচার দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, হামলাকারীরা পূর্বেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল লতিফ মন্ডল বলেন, “মারপিটের ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

শরিফুল ইসলাম / এনএএন টিভি