নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লেজারার্স আবাসিক এলাকায় নিয়মিত বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ না করায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। ঘরে আবর্জনা জমে দুর্গন্ধ ছড়ানোয় বাধ্য হয়েই তা সড়ক ও খোলা স্থানে ফেলছেন স্থানীয়রা।
অভিযোগ উঠেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্ধারিত মাসিক ১০০ টাকা ফি-র তোয়াক্কা না করে ভবনের তলাভেদে ১৪০ থেকে ১৮০ টাকা পর্যন্ত আদায় করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। বাড়তি টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, লেজারার্স আবাসিক এলাকায় ৫০টির বেশি বহুতল ভবনে কয়েক শ পরিবারের বসবাস। নাসিক প্রশাসন বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য মাসিক ১০০ টাকা ফি নির্ধারণ করে দিলেও সংগ্রহকারীরা তা মানছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক গৃহিণী অভিযোগ করে বলেন, “ভবনের তলাভেদে আমাদের কাছ থেকে মাসে ১৪০, ১৬০ ও ১৮০ টাকা করে নেওয়া হয়। সিটি করপোরেশনের নির্ধারিত রেটের চেয়ে বেশি টাকা দিলেও তারা নিয়মিত ময়লা নিতে আসেন না। অনেক সময় টানা এক সপ্তাহ পর্যন্ত কারও দেখা মেলে না।” স্থানীয় ভাড়াটিয়া দীপা রানী দাস বলেন, “ময়লা সংগ্রহকারীরা ভবনের সর্বোচ্চ চারতলা পর্যন্ত ওঠেন।
পাঁচতলা বা ছয়তলায় তারা উঠতে চান না। এতে ওপরের তলার বাসিন্দাদের প্রতিদিন ময়লা নিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয়।” সরেজমিনে লেজারার্স আবাসিক এলাকা ঘুরে দেখা যায়, এলাকার একটি খালি প্লটে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ গৃহস্থালি বর্জ্য জমে স্তূপ হয়ে আছে। সেই আবর্জনা উপচে মূল সড়কেও ছড়িয়ে পড়েছে। আবর্জনার তীব্র দুর্গন্ধে আবাসিক এলাকার বাসিন্দাদের পাশাপাশি ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নাকে রুমাল চেপে যাতায়াত করতে হচ্ছে।
বাসিন্দাদের আশঙ্কা, এভাবে খোলা জায়গায় ও সড়কে দীর্ঘদিন বর্জ্য পড়ে থাকায় আবাসিক এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। বাসিন্দাদের এসব অভিযোগ ও ভোগান্তির বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড সচিব পনির হোসেন এবং বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি শিবু দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন। তাদের দাবি—বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে, সিটি করপোরেশনের নির্ধারিত মাসিক ১০০ টাকা ফি কার্যকর করতে হবে এবং সড়ক ও খালি প্লটে জমে থাকা আবর্জনার স্তূপ দ্রুত অপসারণ করে এলাকায় একটি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
