বরিশালের বাবুগঞ্জে এক মাস ১২ দিন বয়সী সন্তানের মা ঐশী আক্তারকে (২৫) পিটিয়ে হত্যার মামলার আসামি তার শ্বশুরের ঘর আগুনে পুড়ে গেছে। বুধবার রাত ২টার দিকে উপজেলার ভুতেরদিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ভোররাতে ঐশী আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার স্বামী সোহেল খান ও দেবর তানভীর খান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐশীর মৃত্যুর ঘটনায় মারধরের অভিযোগে তার স্বামী ও দেবরকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় স্বামী ও দেবরের পাশাপাশি তাদের বাবা আব্দুল কাদের ও মা কাজল বেগমকেও আসামি করা হয়। মামলা হওয়ার পর শ্বশুর-শাশুড়ি ঘরে তালা দিয়ে পালিয়ে যান বলে জানা গেছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে তালাবদ্ধ টিন ও কাঠের তৈরি ঘরটিতে আগুন লাগে। আগুন নেভানোর আগেই পুরো ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ সব মালামাল নষ্ট হয়ে গেছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে ।
স্থানীয়রা জানান, তালাবদ্ধ ঘরে আগুন লাগার ঘটনাটি তাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। প্রতিবেশীরা বাড়িতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে এলাকাটি দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।
