বান্দরবানে সার্টিফিকেট আনতে গিয়ে তিন কিশোরী নিখোঁজ

বান্দরবানের লামায় তিন কিশোরীর নিখোঁজের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। গত ১০ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।

নিখোঁজ তিন কিশোরী হলো- ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝিরি এলাকার আবুল হাশেমের মেয়ে তানিয়া সুলতানা, শহিদুল ইসলামের মেয়ে রেশমি আক্তার ও বেলাল উদ্দিনের মেয়ে হালিমাতুচ্ছ সাদিয়া।

পরিবারের সদস্যরা জানান, সার্টিফিকেট নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল রেশমি। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও যায়। তবে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, সার্টিফিকেট নিতে নিখোঁজ তিন কিশোরীর কেউই তার বিদ্যালয়ে যায়নি।

অন্যদিকে, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, তিন শিক্ষার্থী বিদ্যালয়ে অনিয়মিত ছিল। তাদের সন্ধানে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের নিখোঁজের কারণ উদঘাটন ও সন্ধান পেতে পুলিশ কাজ করছে।

তিন কিশোরীর নিখোঁজের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্বজনেরা তাদের সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন । দ্রুত তাদের সন্ধান পাওয়া এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card