ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত: সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতের কয়েক ঘণ্টার ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ি জেলা সদর, মহালছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। আকস্মিক এই বন্যায় জলজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় অধিবাসীরা।
রাতভর বৃষ্টিপাতের ফলে পাহাড়ী ঢল নেমে মহালছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়। মহালছড়ির সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সকাল থেকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই জেলার যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে জেলা সদরের ইসলামপুর, শালবন, মোহাম্মদপুর, মুসলিমপাড়া ও মিলনপুর এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায় এবং অনেকের বাসাবাড়িতে পানি উঠে যায়। তবে সকালের দিকে বৃষ্টি বন্ধ হওয়ায় এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে।

এদিকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জেলা শহরের বন্যা দুর্গত মানুষের মাঝে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে সাদরে গ্রহণ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সর্বস্তরের সাধারণ জনগণ।

 

এনএএন টিভি